অনেক সময় আমরা কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত সমস্যার কারণে ক্লান্ত অনুভব করি। কিন্তু যদি এই ক্লান্তি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং বিশ্রাম নেওয়ার পরও না কমে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, এমনকি নিজের সক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হয়, তাহলে এটি বার্নআউট (Burnout) হতে পারে।
বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, উদ্যোক্তা, গৃহিণী এবং যারা দীর্ঘদিন ধরে অন্যদের সেবা বা যত্ন নেন, তাদের মধ্যে বার্নআউটের ঝুঁকি বেশি দেখা যায়।
বার্নআউট কী?
বার্নআউট হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপের ফলে সৃষ্ট এক ধরনের অবসাদ, যা মানুষের কাজ করার ক্ষমতা, মানসিক সুস্থতা এবং দৈনন্দিন জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি সাধারণ ক্লান্তির চেয়ে অনেক বেশি গভীর এবং বিশ্রাম নিলেই সবসময় দূর হয় না।
বার্নআউটের প্রধান লক্ষণগুলো
১. সবসময় ক্লান্ত লাগা: পর্যাপ্ত ঘুমানোর পরও নিজেকে অবসন্ন মনে হয়। সকালে ঘুম থেকে উঠেই মনে হতে পারে, “আজ আর কিছু করতে ইচ্ছা করছে না।”
২. কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা: যে কাজ একসময় আনন্দ দিত, সেটিই এখন বিরক্তিকর বা অর্থহীন মনে হতে পারে।
৩. সহজেই বিরক্ত বা রেগে যাওয়া: ছোটখাটো বিষয়েও অতিরিক্ত রাগ, হতাশা বা বিরক্তি প্রকাশ পেতে পারে।
৪. মনোযোগ ও স্মৃতিশক্তির সমস্যা: কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং প্রয়োজনীয় বিষয় ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়।
৫. নিজেকে অযোগ্য মনে হওয়া: অনেকেই ভাবতে শুরু করেন,
“আমি কিছুই ঠিকভাবে করতে পারি না।”
“আমার দ্বারা আর হবে না।”
৬. ঘুমের সমস্যা: কারও ঘুম কমে যায়, আবার কারও অতিরিক্ত ঘুম পায়। তবুও শরীর সতেজ লাগে না।
৭. শারীরিক সমস্যা: যেমন: মাথাব্যথা, ঘাড় বা কাঁধে ব্যথা, হজমের সমস্যা, বারবার অসুস্থ হয়ে পড়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া
৮. মানুষ থেকে দূরে সরে যাওয়া: বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়া এবং একা থাকতে চাওয়া।
বার্নআউটের কারণ কি?
বিভিন্ন কারণে বার্নআউট হতে পারে, যেমন—
⁕ দীর্ঘদিন অতিরিক্ত কাজের চাপ।
⁕ পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া।
⁕ কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যহীনতা।
⁕ নিজের ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেওয়া।
⁕ কর্মক্ষেত্রে স্বীকৃতির অভাব।
⁕ পারিবারিক দায়িত্ব ও মানসিক চাপ।
⁕ সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা করা।
বার্নআউট থেকে মুক্তির জন্য কী করতে পারেন ?
১. নিজের সীমাবদ্ধতা মেনে নিন: সব কাজ একা করতে হবে—এই ধারণা থেকে বেরিয়ে আসুন।
২. নিয়মিত বিরতি নিন: দীর্ঘ সময় একটানা কাজ না করে ছোট ছোট বিরতি নিন।
৩. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুম গুরুত্বপূর্ণ।
৪. কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখুন: কাজের বাইরেও নিজের পছন্দের কাজের জন্য সময় রাখুন।
৫. শরীরচর্চা ও বিশ্রামমূলক কার্যক্রম করুন: হাঁটাহাঁটি, ব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।
৬. অনুভূতি প্রকাশ করুন: বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মীর সঙ্গে কথা বলুন।
৭. নিজের প্রতি সহানুভূতিশীল হন: প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে পারেন—
“আমার সবকিছু নিখুঁত হতে হবে না।”
“বিশ্রাম নেওয়াও একটি প্রয়োজনীয় কাজ।” “সাহায্য চাওয়া দুর্বলতা নয়।”
কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন ?
যদি—
★দীর্ঘদিন ধরে ক্লান্তি থাকে,
★কাজ বা পড়াশোনা ব্যাহত হয়,
★উদ্বেগ বা বিষণ্নতা বেড়ে যায়,
★ঘুম ও ক্ষুধার বড় পরিবর্তন হয়,
*জীবনের প্রতি আগ্রহ কমে যায়,
তাহলে একজন মনোবিজ্ঞানী বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উপকারী হতে পারে।